বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষ্যে শ্রী-র বিশেষ আয়োজন ‘আমার বিশ্বকাপ ফুটবল’। ফুটবলকে কেন্দ্র করে আমাদের শৈশব, কৈশোর ও যৌবনের অসংখ্য আনন্দ, উন্মাদনা, বেদনা ও মনোভঙ্গের স্মৃতি জমেছে দিনে দিনে। আমরা স্মৃতির সেইসব আলো-আঁধারি পথে হাঁটতে ও হাঁটাতে চেয়েছি আমাদের লেখক ও পাঠকদের। আনন্দের বিষয় এই যে অনেকেই আমাদের আহ্বানে সাড়া দিয়ে লেখা পাঠিয়েছেন। এই সংখ্যাটি সম্পাদনা করতে গিয়ে একটি বিষয় খেয়াল করলাম, লেখালেখি করেন এমন ব্যাক্তিদের মধ্যে ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থক সম্ভবত সবচেয়ে বেশি। যতগুলো লেখা পেয়েছি, বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম ফ্রান্স, জার্মানি, ইতালি, পর্তুগাল—এই দলগুলো নিয়ে কেউ-ই বিশেষ কথা বলেননি। হয়তো প্রসঙ্গক্রমে কোনো কোনো লেখায় তাদের নাম এসেছে, কিন্তু সমর্থক হিসেবে তাঁর যে স্মৃতি, যে আনন্দ বা বেদনা—তার কেন্দ্রে রয়েছে হয় ব্রাজিল কিংবা আর্জেন্টিনা। কয়েকটি দল-নিরপেক্ষ লেখাও আমরা পেয়েছি। সবগুলো লেখাই অসাধারণ। এই লেখাগুলোর আলাদা গুরুত্ব এখানেই যে, এগুলো কখনও পুরাতন হবে না। আজ থেকে কুড়ি-পঁচিশ বছর পরেও পড়তে গেলে একইরকম সজীব আর প্রাণবন্ত মনে হবে।
প্রিয় পাঠক, আমরা বিশ্বাস করি বিশ্বকাপের উন্মাদনায় আপনিও কখনও বুঁদ হয়েছেন, কখনও মনোভঙ্গের বেদনায় কাতর হয়েছেন। স্মৃতির রেখা ধরে একবার ভাবুন তো আপনার সেই বিশ্বকাপটা কেমন ছিল?
২০২২ সালের বিশ্বকাপেও আমরা ‘ফুটবলের নন্দন, নান্দনিক ফুটবল’ নামে একটি বিশেষ সংখ্যা আয়োজন করেছিলাম। সেই সংখ্যাটি ছিল ফুটবলের নন্দন ও রাজনীতিকে কেন্দ্র করে। আমরা আশা করব আপনারা সেই আয়োজনটিও পড়বেন।
সকল প্রস্তুতি সম্পন্ন হবার পরেও বেশ কয়েকটি লেখা হাতে এসে পৌঁছানোয় সেগুলো এই আয়োজনে রাখা সম্ভব হলো না। যারা লিখেছেন, যারা পড়ছেন এবং আগামীতে যারা পড়বেন—সকলকে আমাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। গদ্যকার মুহাম্মদ শাওয়াবের পূর্ণ উৎসাহ, সমর্থন ও সহযোগীতা না পেলে শ্রী-র এই আয়োজন তো বটেই, নতুন উদ্যমে শ্রী-র কার্যক্রম যে আবার শুরু যে হলো, সেটাও খুব কঠিন হতো। শাওয়াবকে আন্তরিক ভালোবাসা জানাই।
পাঠককে প্রণতি।
সূচি
কয়েক ছত্র, প্রাণের পত্র : মোস্তাক শরীফ
একটি ধর্মীয় প্রতিবেদন : তমাল রায়
স্মৃতি তুমি সোনালি বিশ্বকাপ : শাহেদ কায়েস
আর্জেন্টিনা আর বিশ্বকাপ কড়চা : শেখ রানা
আমার বিশ্বকাপ, আমার আর্জেন্টিনা : আহমেদ খান হীরক
বিশ্বকাপে বিশ্ব কাঁপে, আমি গুনি জীবন : কৃষ্ণ জলেশ্বর
ফুটবল ইজ লাইফ, ফুটবল ইজ সিরিয়াস : নাহিদ ধ্রুব
যে আমি ফুটবলের নির্মাণ : হাসনাত শোয়েব
রবার্তো বাজ্জো: গ্লানি ও গৌরবের মহাকাব্য : উপল বড়ুয়া
রোনালদিনহোই আমার বিশ্বকাপ তারকা : ইলিয়াস কমল
গলি ও গ্যালারির আখ্যান : নুরেন দূর্দানী
বল চিনলে খেলা বদলায় : শৈবাল নূর

…