শুক্রবার, সেপ্টেম্বর ১৮

নির্বাচিত দশ কবিতা

0

আত্মাহুতি


মাটির চুলা বানিয়ে
কুয়াশা জ্বাল দিচ্ছে মা

লাকড়ি
ফুরিয়ে গেলে

কেটেকুটে প্রস্তুত রাখে
নিজেকে…


হিমালয়


আইসক্রিম

হাতে নিয়ে
মেয়ের কাছে

দৌড়াতে দৌড়াতে গলে যাচ্ছে বাবা ।


কাঠঠোকরা


কাঠঠোকরার

বানানো সুড়ঙ্গপথে বাদামি রঙের বেদনা
পিঁপড়েদল
মুখে করে

নিয়ে যাচ্ছে গাছের টুকরো টুকরো হৃদয়।


জামগাছ


জামগাছে
ধরে আছে গোল গোল অন্ধকার

টুপটুপ ঝরে পড়লে
রাত আসে পুকুরে

মাছেদের ঘুম পাড়িয়ে উড়ে যায় জামগাছ।


সংহার


দেয়ালঘড়ির

ভেতরে বাস করে তিনজন
ক্রমিক সঙ্গমে প্রেগন্যান্ট ঘণ্টার কাঁটা
প্রসবের পর
বৃত্তঘর থেকে বেরিয়ে এসে

চারজনে
ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সূর্যের পোড়া মাংস।


দ্বন্দ্ব


ড্রেসিংটেবিলে
রাখা সেফটিপিন

আলনায় ঝুলে থাকা ব্লাউজের সামনে
এসে
ছিঁড়ে ফেলে

প্রতিদ্বন্দ্বী সব বোতাম।


বৃষ্টিপাত


চোখে

মজুত আছে
স্থায়ী
কালো মেঘ

সব ঋতুতে বৃষ্টি হচ্ছে…


ব্রহ্মাণ্ড


প্লেটে

দুধ কলা ভাত
কিছুক্ষণ পর জেগে ওঠলো তিনজন

একটি গরু
ধানগাছ খেয়ে চলে যাচ্ছে কলাগাছের দিকে…


প্রেম


শাদা চক
ব্ল্যাকবোর্ডের শরীরে ঠোঁট ঘষতে ঘষতে

লিখে রাখে
মৃত্যুর খতিয়ান।


মায়া


রেললাইন থেকে

একটি পাথর নিয়ে আসি ঘরে
ট্রেনের শব্দ পেয়ে

পাথরটি

দরজা খুলে চলে যাচ্ছে রেললাইনে ।

শেয়ার করুন

লেখক পরিচিতি

জন্ম ১ জুলাই, ১৯৮৭, সুবর্ণচর, নোয়াখালী। প্রকাশিত বই: ‘উজানে সোনালি মাছ’ (২০১৭), ‘ব্ল্যাকবোর্ডে নুনগাছ’ (২০২০), ‘মানুষ নিজেই একটা বিয়োগচিহ্ন’ (২০২১), ‘আমার ছায়ার ওপরে জিরোচ্ছে একটা কুকুর’ (২০২৪)।

error: আপনার আবেদন গ্রহণযোগ্য নয় ।