শুক্রবার, মে ২২

গোপনীয়তার ভেতর

0


সিঁড়ির অন্ধকারে সারাক্ষণই ভেবেছি
আর কোনো খোলা দরজায় এগোব না
এসির বাতাস, বিছানার নতুন চাদর, সদ্য
বানানো স্লিভলেস সন্ধ্যা—সমস্ত উদ্‌যাপন
ছেড়ে একা থাকব নিজের গোপনীয়তার ভেতর
যে গোসলে তোমার স্পর্শ থাকে, ফেনা
তুলে ক্ষয় হয় হাত দুটো, বুকের পাথর
ফেটে উৎপাত করে লোম তোলা পা দুটো
সেই পিঠেই যেন লেগে থাকে আমার আয়ু
তাতে সাড়াহীন থাকার বায়না পাই কোথায়
গ্রিন সিগন্যাল, ফুটপাত, হকারের দীর্ঘ-কার
তোমার ফুরাবার শব্দগুলো টেনে তুলে
কয়েক রাউন্ড রাতের বৃষ্টি, তামাকের রেশ…

 


এসে দাঁড়াবে যখন দিনের অপেক্ষা শেষে
চুলটুল মেলে, এলোমেলো পারফিউমে
কিছুটা আড়ালেই পতিত হই, ফুরিয়ে যাই
ঘনবনে, ভেজা ঘ্রাণে কুকুরের মতো নাক
টেনে পূর্ণ সমর্থন করি নাগরিক যত শাসন
তারপর যখনই ফ্রেশ হবে অহেতুক রাগটাগে
পরবে বিলাসবহুল যন্ত্রণা…তাতে মদঘুম পাই
লুণ্ঠনের অধিকার ছেড়ে, শোষণের বদলে
দিনমজুরের মতো কেবলই খেটে যাই
এই র’নেস, ঘামটামের অন্ধকার, মুহূর্তই
তীব্র করে তোলে আমায়…

 


তোমার অস্থিসন্ধিতে প্রবাহ পেয়েছে
আমার কত নদী…আস্ত মাছের চাক
আঁকব আঁকব করে যে দৃশ্য রেখেছ
উন্মাদ স্তন থেকে উরুদেশে…হলুদ
মৃত্যুর সংবেদন ফেলে উলটে দেখি
গ্রীবা ধরে রেখাগুলো ক্রমশ নেমেছে
দুই বগলের শুনসান মাঠে…প্রবাহিত
আঁধারে রাত্রি এগোয় চাঁদ ফেলে
এই পথই বিদ্যুৎ, আগুনের উল্লম্ফন
নিজেকে স্থির রেখে দম ধরি
আমাদের সমস্ত সংযোগে…

 


উপকূলে হয়তো উড়ছে লাল মদ
মুহূর্ত অল্পই, যেন দ্রাঘিমার শেষ
মুদ্রাদোষ বলে যা আছে—সে
পরে আছে শুকনো লাল টিশার্ট
সে নাকি লুসিফার, ভিলেন—
তাই তার ঊর্ধ্ব-কমায় টেনেছি
কতগুলো সম্মোহনী ফার্স্টব্র্যাকেট
অথচ তার নাভিতে ভেঙেছে যে প্রিজম
ভিড়েছে যে পুরুষ…ব্ল্যাকহোল…
তাতে উড়ছে তার এলো চুল
শুকনো বালি চর…লাল লাল মদ

 


কারো কারো গোপনীয়তার ভেতর তুমি
হেসে উঠলে, অযথা মনটন ফেলে রাখলে
উড়ে যায় আমাদের পোষা শকুন,
কয়েকটি কুকুর
জারুলের রঙে যারা ফুটবে, দুলবে নীলে
প্রমিস করে এসেছি বনে—
কিছু ফুল পরাগায়ন ফেলে আমাদের
গোপনীয়তায় অবশ্যই ফুটবে…

শেয়ার করুন

লেখক পরিচিতি

জন্ম ১৭ মার্চ, ১৯৯৯, শ্রীরামপুর, ব্রাহ্মণবাড়িয়া। বর্তমানে স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত, তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এ বিষয়েই স্নাতক। সহ-সম্পাদক হিসেবে কর্মরত আছেন সাহিত্য পাতা ও প্রকাশনা প্রতিষ্ঠানে। শখের বিষয়, চলচ্চিত্র দেখা ও নির্মাণ। আগ্রহ মিথ ও জনসংস্কৃতিতে। হেমায়েত উল্লাহ ইমন ‘ফেনাফুল’ কবিতা-পাণ্ডুলিপির জন্য ‘ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার ২০২৫’ অর্জন করেছেন।

error: আপনার আবেদন গ্রহণযোগ্য নয় ।