১.
ভূমণ্ডল দেখে ফেলে ছুটন্ত তিমির লেজটাকে
পুনরায় ডুব দেয়, শ্বাস নেয়া শেষে নাসারন্ধ্র
গান গেয়ে কাঙ্ক্ষিত সঙ্গীকে নিস্তরঙ্গে একা ডাকে—
ক’ হাজার নটিক্যাল মাইল দূরের প্রেমগন্ধ!
নির্ঘুমের একশো বছর লালন করে যে খেই
প্রিয়তম পেয়েও হারায় যদি নীলজল ত্রাসে
গভীর সমুদ্র ভেঙে সৈকতের দিকে ফিরে আসে
সাগরে আমার জন্য কেউ ডুবে যাওয়ার নেই!
২.
তিমিরা সঙ্গীর বিরহে
কী করে— জানতে চেয়েছ,
বলতে পারিনি, দিগন্ত
ঝাপসা, সেখানে সাগর
মিলেছে সৈকতে, আমিও
মিশেছি নিজস্ব তিমিরে
৩.
সঙ্গীকে হারিয়ে মরে যাওয়ার চেয়ে কম
কঠিন নয়— এ জীবনকে আজীবন বয়ে নিয়ে চলা…
তবুও তোমরা কেবল তিমিরই প্রশংসা করলে
৪.
হারিয়ে যাই যদি
কোথাও চলে গেলে
বা মরলে
তিমির মতো তুমিও মরে যাবে
না আজীবন বয়ে বেড়াবে এ যন্ত্রণা
আমি এর কোনটিই করব না
না মরে যাব
না আমৃত্যু শোক
আমি এ বিরহ করব উপভোগ
৫.
দু’দল স্তন্যপায়ী
নিদারুণ দু’রকম
আত্মহত্যাগামী
একজন যখন নিজেকে
নিয়ে যেতে চায়
সাগরের আরও গভীরে
অন্যদল ফিরে আসে তীরে

জন্ম ২ নভেম্বর ১৯৭৯ সাল; ধূরুং, বিবিরহাট, ফটিকছড়ি, চট্টগ্রাম, বাংলাদেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর। পেশা : শিক্ষকতা। সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, পতেঙ্গা সিটি কর্পোরেশন মহিলা ডিগ্রি কলেজ, চট্টগ্রাম। প্রকাশিত গ্রন্থ : ‘মানুষ মানুষ নয় হোমোসেপিয়ানস’ (২০০৪), ‘রাফখাতার কাটাকুটি’ (২০১০), ‘অ্যা জার্নি বাই অ্যাম্বুলেন্স’ (২০১৮), ‘কাঁটাতারে কারাগারে’ (২০২১)।